বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিহত জামিল ও বৃষ্টির পরিবারের পাশে সহকর্মীরা, সংগৃহীত ২ লাখ ডলার

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় শোকের ছায়া; বুধবার বৃষ্টির জানাজা, পরদিন দেশে ফিরবে মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির শোকসন্তপ্ত পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন তাদের শিক্ষক ও সহপাঠীরা।

অকালে ঝরে যাওয়া এই দুই পিএইচডি শিক্ষার্থীর পরিবারের জন্য ইতিমধ্যে প্রায় ২ লাখ ডলার অর্থ সংগ্রহ করা হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘গোফান্ডমি’র মাধ্যমে সংগৃহীত ১ লাখ ৮৪ হাজার ডলারের এই তহবিল দুই পরিবারের মধ্যে সমানভাবে বণ্টন করা হবে। সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আরিয়ান জানান, তহবিলের লক্ষ্যমাত্রা ২ লাখ ডলার ছাড়িয়ে যাবে বলে তারা আশাবাদী।

সাংস্কৃতিক অঙ্গন ও পড়াশোনায় উজ্জ্বল এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে এখনো শোকের মাতম চলছে। মাত্র আট মাস আগে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া বৃষ্টির এমন বিদায় মেনে নিতে পারছেন না কেউ। এদিকে নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া তদারকি করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস ও মায়ামি কনস্যুলেট। আগামী ৬ মে বুধবার স্থানীয় ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে এবং ৭ মে তার মরদেহ ও ব্যক্তিগত জিনিসপত্র ঢাকার উদ্দেশে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ১০ দিন পর টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে প্রথমে লিমনের এবং পরে বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মেধাবী এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিদেশের মাটিতে প্রবাসী বাঙালিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

খুঁজুন