বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

নবীনগরে র‍্যাব সদস্যদের কুপিয়ে জখম করল শফিক ডাকাত ও তার বাহিনী

তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সদস্য; কসম খেয়ে র‍্যাবকে এলাকা ছাড়ার হুমকি ডাকাতদলের।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্ধর্ষ ডাকাত শফিক মিয়া ওরফে চোরা শফিক ও তার সহযোগীদের হামলায় র‍্যাবের তিন গোয়েন্দা সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। আহত র‍্যাব সদস্যরা বর্তমানে উন্নত চিকিৎসার প্রক্রিয়াধীন রয়েছেন।

র‍্যাব-৯ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগাতুয়া গ্রামের কুখ্যাত ডাকাত শফিকের কর্মকাণ্ড নিয়ে তথ্য সংগ্রহ করতে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্য সাদা পোশাকে ওই এলাকায় যান। তাদের উপস্থিতি টের পেয়ে শফিক ও তার বাহিনী অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ উঠেছে, হামলাকারীরা র‍্যাব সদস্যদের কুপিয়ে জখম করার পর একটি বাড়িতে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এসময় তারা দম্ভোক্তি করে র‍্যাব সদস্যদের শাসিয়ে বলে, ‘কসম খেয়ে বলছি, আবার এলে কেটে ফেলব।’

ঘটনার খবর পেয়ে র‍্যাব-৯-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

র‍্যাব-৯-এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী বিস্ময় প্রকাশ করে বলেন, তথ্য সংগ্রহের কাজে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর এমন নৃসংশ হামলা অকল্পনীয়। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

খুঁজুন