বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

রাজধানীর নিউমার্কেটে প্রকাশ্য রাস্তায় যুবককে গুলি করে হত্যা

মোটরসাইকেলে এসে ৫ রাউন্ড গুলি ছুড়ে পালালো মাস্কধারী দুর্বৃত্তরা

রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট এলাকায় মঙ্গলবার রাতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক যুবককে (৪০) লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মাস্ক ও ক্যাপ পরা দুই যুবক একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন নেমে এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। তিনবার গুলি করার পর খুনি শাহনেওয়াজ হলের দিকে চলে গেলেও পরক্ষণেই আবার ফিরে এসে আরও এক রাউন্ড গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করে। স্থানীয়রা ধাওয়া করার চেষ্টা করলে হামলাকারী তার সহযোগীর মোটরসাইকেলে উঠে দ্রুত পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি গুলির জখম রয়েছে।

ঘটনার পরপরই নিউমার্কেট থানা পুলিশ এবং গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী জানিয়েছেন, তারা ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং তা নিবিড়ভাবে পর্যালোচনা করছেন। খুনিদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। নিহতের পরিচয় জানার জন্য আঙুলের ছাপসহ অন্যান্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

খুঁজুন