বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

হিলিতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চুরমার, চালকসহ আহত ৪

বড়চড়া রেলক্রসিংয়ে বাংলাবান্ধা এক্সপ্রেসের ধাক্কায় অল্পের জন্য প্রাণরক্ষা; আশঙ্কাজনক অবস্থায় সবাই দিনাজপুর মেডিকেলে।

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় চালক মিলনসহ একই পরিবারের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার বড়চড়া বিজিবি চেকপোস্ট সংলগ্ন রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

​আহতরা হলেন—ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা সুড়িতন বেগম (৬৫), সুলতানা খাতুন (১৭), নয়া মিয়া (৮০) এবং অটোরিকশা চালক মিলন (২৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা আজ দুপুরে হাকিমপুরের বড়চড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে অটোরিকশাযোগে ঘুরতে বের হয়ে ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোস্ট সংলগ্ন রেলক্রসিং পার হচ্ছিলেন তারা। এসময় পঞ্চগড় থেকে রাজশাহীগামী দ্রুতগতির ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় গাড়িটি ছিটকে রেললাইনের পাশে পড়ে গেলে আরোহীরা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​রেলক্রসিং পারাপারের সময় অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। অল্পের জন্য চারটি প্রাণ বেঁচে গেলেও অটোরিকশাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুঁজুন