বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

নির্ধারিত হলো কোরবানির পশুর চামড়ার দাম; জেনে নিন বর্গফুট প্রতি দর

ঢাকায় গরুর চামড়া সর্বোচ্চ ৬৭ ও ঢাকার বাইরে ৬২ টাকা; সিন্ডিকেট রুখতে সরকারের কঠোর হুঁশিয়ারি।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়ার নতুন দাম চূড়ান্ত করেছে সরকার।

বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে চামড়া খাতের অংশীজন ও ব্যবসায়ীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।

এবারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা। গত বছরের তুলনায় যা কিছুটা সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। অন্যদিকে, ঢাকার বাইরে জেলাগুলোতে এই দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। ছাগলের চামড়ার ক্ষেত্রেও নতুন দাম ঘোষণা করা হয়েছে; সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকায় কেনাবেচা হবে।

বাণিজ্যমন্ত্রী বৈঠকে জানান, প্রান্তিক খামারি, এতিমখানা ও মাদরাসাগুলো যেন চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে মৌসুমি ব্যবসায়ী বা কোনো অসাধু সিন্ডিকেট যেন বাজারের অস্থিরতা তৈরি করতে না পারে, সেদিকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

এছাড়া দেশের অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে ঈদের পর কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ট্যানারি মালিক ও ব্যবসায়ীরা এই নির্ধারিত দাম মেনে চললে চামড়া শিল্পে আবারও গতি ফিরবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

খুঁজুন