বুকভরা আশা আর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন নওশিন নাওয়ার উর্বি। মেলবোর্নে সোশ্যাল সায়েন্সে মাস্টার্স শেষ করে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার লক্ষে এগিয়ে চলছিলেন তিনি। এমনকি প্রিয়জন সিয়ামের সাথে বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল উর্বির। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সব স্বপ্ন চুরমার হয়ে গেল মেলবোর্নের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। অকালেই নিভে গেল এক সম্ভাবনাময় প্রাণ।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে তীব্র মাথা ব্যথায় ভুগছিলেন উর্বি। তবে ব্যস্ত পড়াশোনার চাপে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। সিডনি থেকে মেলবোর্নে পাড়ি জমানোর মাত্র দুই সপ্তাহের মাথায় অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়লে তাকে রয়্যাল মেলবোর্ন হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর পরই তিনি কোমায় চলে যান।
চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, উর্বির মস্তিষ্কে টিউমার ছিল। দুর্ভাগ্যবশত গত বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিন ভাই-বোনের মধ্যে উর্বিই ছিলেন সবার বড়।
তার মৃত্যুতে নরসিংদীর বাড়িতে এবং প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় উর্বির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।