বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশি ইউটিউবারকে গাড়িচাপায় হত্যা: অভিযুক্ত সেনাসদস্যের মৃত্যুদণ্ড হতে পারে

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণ নিলেন ক্যাপ্টেন জাদ ফায়াদ; আদালতে তোলা হলে মিলল না জামিন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর মুজাহিদ মিল্লাদকে (২২) গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে দেশটির সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে আদালতের মুখোমুখি করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম জাদ ফায়াদ আরহান (৩১), যিনি মালয়েশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আর্টিলারি ডিভিশনে ক্যাপ্টেন পদে কর্মরত।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে আরহানের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ আনা হয়। অভিযোগ পড়ে শোনানোর পর তিনি তাতে সম্মতি জানান। মালয়েশীয় আইন অনুযায়ী, এই ধারায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের মৃত্যুদণ্ড অথবা সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ডসহ বেত্রাঘাতের বিধান রয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৩ এপ্রিল। মুজাহিদ মিল্লাদ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ই-হেইলিং সার্ভিসের একটি গাড়িতে করে ফিরছিলেন। কুয়ালালামপুর মাজু এক্সপ্রেসওয়েতে বিপরীত দিক থেকে আসা অভিযুক্ত ক্যাপ্টেনের গাড়িটি তাদের বাহনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তরুণ এই ইউটিউবার।

ম্যাজিস্ট্রেট আদালত মামলার প্রাথমিক শুনানি করলেও এটি উচ্চ আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় কোনো স্বীকারোক্তি তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়নি। একই সাথে ট্রাফিক ম্যাজিস্ট্রেট আদালতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পৃথক মামলা করা হয়েছে। ওই দুর্ঘটনায় ই-হেইলিং চালক এবং নিহতের স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবাও গুরুতর আহত হন। তবে ট্রাফিক সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত তার জামিন নামঞ্জুর করে আগামী ২১ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

খুঁজুন