বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য এক নতুন এবং অত্যন্ত ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে আণুবীক্ষণিক জীব ‘মুক্তজীবী অ্যামিবা’। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘বায়োকন্টামিন্যান্ট’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই এককোষী জীবের মধ্যে ‘নেগলেরিয়া ফাউলেরি’ বা ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সবচাইতে বিপজ্জনক। দূষিত পানি নাকে প্রবেশ করলে এটি সরাসরি মস্তিষ্কে হানা দেয় এবং কোষগুলো ধ্বংস করতে শুরু করে। শঙ্কার বিষয় হলো, এই সংক্রমণে মৃত্যুর হার প্রায় ৯৯ শতাংশ।
গবেষণায় দেখা গেছে, এই অ্যামিবাগুলো উচ্চ তাপমাত্রা ও ক্লোরিনের মতো কড়া জীবাণুনাশকও সহ্য করতে পারে। এমনকি পানির পাইপের ভেতরেও এরা নিরাপদ আস্তানা গড়ে তোলে। আরও বিস্ময়কর হলো এদের ‘ট্রোজান হর্স’ প্রভাব। অ্যামিবাগুলো নিজের শরীরের ভেতর অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসকে আশ্রয় দেয়, যার ফলে ওই রোগজীবাণুগুলো আরও শক্তিশালী এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের ফলে এখন শীতল অঞ্চলের জলাশয়গুলোতেও ছড়িয়ে পড়ছে এই নীরব ঘাতক।
বিজ্ঞানীরা এই সংকট মোকাবিলায় পানি শোধন ব্যবস্থার আধুনিকায়ন এবং দ্রুত রোগ শনাক্তকরণ প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন।