বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ভৈরবে আম গাছে ঢিল দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৩০

কিশোরগঞ্জের শ্রীনগরে দুই বংশের তুচ্ছ বিবাদ থেকে রণক্ষেত্র বধূনগর, আশঙ্কাজনক অবস্থায় ৩ জন ঢাকায় রেফার।

কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের ভয়াবহ সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর এলাকায় ‘নবাবের বাড়ি’ ও ‘ফর্সার বাড়ি’ বংশের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মে ফর্সার বাড়ির আয়তুল মিয়ার আম গাছে নবাবের বাড়ির বিজয় ও শাওন ঢিল দিলে মোখলেস মিয়ার সাথে বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও দুই পক্ষের যুবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ দা, বল্লম, টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে লিপ্ত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে।

ভৈরবে আম গাছে ঢিল দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। ছবি: কালের দিশা

সংঘর্ষে আহতদের মধ্যে ২৩ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন— মিজান (৩৬), শরীফ মিয়া (১৯), চান মিয়া (৪০), মামুন (৩৯), জেসমিন (৩০), জুনায়েদ (২০), বিজয় (১৮), ইয়াছিন (১৭), রবিন (২৫), ইয়ামিন (১৬), তরুণ মিয়া (১৯), শাওন (১৪), ফরহাদ (১৬), বুরহান (১৭), আনোয়ারা (৫০), সাইদুল (৪০), মিজান (৩২), আবির (১৭), শামীম (২১), শিরিনা (২৬), জিহাদ (১৬), আক্তার (২০), ফুল মিয়া (৫২) এবং জুয়েল মিয়া (৪০)।

এদের মধ্যে গুরুতর জখম হওয়া মিজান, শরীফ ও চান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সামাজিক অবক্ষয়ের কারণে এই সংঘাত ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন