ভোটগণনার উত্তেজনার মধ্যেই দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ফলাফলে কিছুটা পিছিয়ে থাকলেও এখনই হাল ছাড়তে নারাজ তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই যেন তারা গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে না আসেন। তাঁর দাবি, এটি বিরোধী শিবিরের একটি সুপরিকল্পিত চাল; যেখানে শুরুর কয়েক রাউন্ডে তাদের এগিয়ে থাকা এলাকাগুলোর ফলাফল দেখানো হচ্ছে। নেত্রীর আশ্বাস, গণনা এখনো অনেক রাউন্ড বাকি এবং দিনের শেষে জয় তৃণমূলেরই হবে।
ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অনেক জায়গায় দুই-তিন রাউন্ড গণনার পর হঠাৎ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে কল্যাণীর মতো জায়গায় মেশিনে গরমিলের প্রসঙ্গ তুলে তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
মমতা বলেন, বিজেপি পরিকল্পনা করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ভুল খবর প্রচার করছে। তৃণমূলের অফিস দখল ও কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ এনে তিনি আরও বলেন যে, ভোটার তালিকার বিশেষ সংশোধনে কারচুপি করে অনেক আসন দখলের চেষ্টা চলছে। তবে লড়াই এখনো শেষ হয়নি। কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “মন খারাপ করার কিছু নেই। ১৪ থেকে ১৮ রাউন্ড পর্যন্ত গণনা চলবে। আপনারা বাঘের বাচ্চার মতো লড়াই করুন, সূর্যাস্তের পর জয় আমাদেরই হবে।”