বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

সমঝোতায় ‘সৎ মনোভাব’ জরুরি: ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে আশাবাদ তৈরি হলেও তেহরান জানিয়েছে, কার্যকর আলোচনার জন্য প্রতারণা নয়, বরং আন্তরিকতা ও সৎ মনোভাব থাকা অপরিহার্য।

পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান সংকট নিরসন ও পারমাণবিক আলোচনার কাঠামোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই আলোচনার সফল পরিণতি আনতে তেহরান যুক্তরাষ্ট্রকে শর্তহীন ও আন্তরিক আলোচনার আহ্বান জানিয়েছে।

​কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেন, কোনো ধরনের প্রতারণা বা জবরদস্তির মাধ্যমে কার্যকর সমঝোতা সম্ভব নয়। এজন্য উভয় পক্ষের সৎ মনোভাব ও আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। ২০১১ সালের আন্তর্জাতিক বিচার আদালতের একটি রায়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আলোচনার টেবিলে বসা মানেই হলো আন্তরিকতার সঙ্গে সংলাপে অংশ নেওয়ার প্রকৃত চেষ্টা চালানো।

​জানা গেছে, ১৪ দফার খসড়া স্মারকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধের সমাপ্তি ঘটবে এবং পরবর্তী ৩০ দিনের জন্য বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি হবে। খসড়ার শর্ত অনুযায়ী, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করার প্রতিশ্রুতি দিলে যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আটকে থাকা অর্থ ছাড় করবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থেকে বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

​মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে কোনো কারণে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনরায় নিষেধাজ্ঞা ও সামরিক অভিযান শুরু করার অধিকার সংরক্ষণ করে। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি পূর্ণাঙ্গ ও ন্যায়সংগত চুক্তিতে পৌঁছানোর ওপর জোর দেওয়া হয়েছে।

খুঁজুন