বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদরাসা

চামড়া শিল্পে দরপতন ও সিন্ডিকেট ভাঙতে সরকারের ব্যর্থতার অভিযোগে কঠোর সিদ্ধান্তে মাদরাসা কর্তৃপক্ষ

আসন্ন ঈদুল আজহার মৌসুমে সিলেট বিভাগের কোনো কওমি মাদরাসা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না বলে ঘোষণা দিয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে নগরীর সোবহানীঘাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় সিলেট বিভাগ কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ। বিগত সরকারগুলোর অকার্যকর নীতি এবং বর্তমান সরকারের উদাসীনতার ফলে চামড়া শিল্পে যে ধস নেমেছে, তার প্রতিবাদেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্যসচিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। তিনি উল্লেখ করেন, কওমি মাদরাসা পরিচালনার আয়ের অন্যতম প্রধান উৎস ছিল কোরবানির চামড়া। কিন্তু ২০১৩ সাল থেকে শুরু হওয়া এক গভীর ষড়যন্ত্রের ফলে এই রপ্তানিযোগ্য পণ্যটি বর্তমানে বাজারে প্রায় মূল্যহীন হয়ে পড়েছে। অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, এলাকা থেকে চামড়া সংগ্রহ করে আড়তে পৌঁছানোর পরিবহন খরচও চামড়া বিক্রি করে তোলা সম্ভব হচ্ছে না।

মাওলানা মুশতাক আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার ১৮০ দিন পার হলেও চামড়া শিল্প নিয়ে তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এমনকি বাজারের পুরোনো সিন্ডিকেট ভাঙতেও বর্তমান প্রশাসন ব্যর্থ হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের লবণ সরবরাহের উদ্যোগকেও তিনি অকার্যকর বলে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন শীর্ষস্থানীয় মাদরাসার মুহতামিম ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন এবং তারা একযোগে এই বর্জন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

খুঁজুন