বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

শি-ট্রাম্প বৈঠকে প্রাধান্য পাবে হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি ইস্যু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে আলোচনার কেন্দ্রে থাকছে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং আঞ্চলিক যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়টি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৪ মে দুই দিনের সফরে চীনের বেইজিং যাচ্ছেন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অন্যতম প্রধান সংকট হরমুজ প্রণালি নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুদ্ধবিরতির বিষয়টিকে এখন 'অত্যন্ত জরুরি' হিসেবে দেখছে বেইজিং।

​জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং জানিয়েছেন, আসন্ন বৈঠকের সময় যদি হরমুজ প্রণালি বন্ধ থাকে, তবে এটি দুই শীর্ষ নেতার আলোচনার শীর্ষ তালিকায় থাকবে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে এই প্রণালি চালু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও এর মিত্রদের সঙ্গে সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র। ওই সময় ইরানের বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় বিমান হামলা চালানো হয় এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারান। এরপর যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৬০ দিনের একটি সময়সীমা শুরু হয়, যার মেয়াদ ১ মে শেষ হয়। বিবিসি জানিয়েছে, কংগ্রেসকে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন যে, ৭ এপ্রিলের পর থেকে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে কোনো গুলি বিনিময় হয়নি এবং সংঘাতের অবসান ঘটেছে।

​বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো শান্তিচুক্তি না হলেও, মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার জানিয়েছেন, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে তার কথা হয়েছে। কুয়েতও শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগের প্রশংসা করেছে।

​অন্যদিকে, ইরানের সামরিক সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো মুহূর্তে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তেহরানের অভিযোগ, পরমাণু কর্মসূচি বা অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার আগে হরমুজ প্রণালির পরিস্থিতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে সুনির্দিষ্ট কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।

খুঁজুন