বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

অস্ট্রেলিয়ার ১২৫ বছরের ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হচ্ছেন সুসান; একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন প্রধানমন্ত্রী আলবানিজ

অস্ট্রেলিয়া প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ নেতৃত্বে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। দেশটির সশস্ত্র বাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী হিসেবে সেনাবাহিনীর প্রধান পদে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল। সোমবার (১৩ এপ্রিল) অস্ট্রেলিয়া সরকার আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক রদবদলের ঘোষণা দেয়।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালন করা সুসান কয়েল আগামী জুলাই মাসে লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের জায়গায় স্থলাভিষিক্ত হবেন। ৫৫ বছর বয়সী এই অভিজ্ঞ সামরিক কর্মকর্তা ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বহু গুরুত্বপূর্ণ কমান্ড ও প্রশাসনিক পদের নেতৃত্ব দিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে এই নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আগামী জুলাই মাস থেকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ইতিহাসে আমরা এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। প্রথমবারের মতো কোনো নারী আমাদের সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন।’ দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, সুসান কয়েলের এই অর্জন বর্তমানে কর্মরত নারীদের পাশাপাশি ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগদানে ইচ্ছুক নারীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

বর্তমানে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীতে (এডিএফ) নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটির সরকার। সুসান কয়েলের এই নিয়োগ সেই লক্ষ্য অর্জনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। একই সাথে নৌবাহিনীর নেতৃত্বেও পরিবর্তন এনেছে দেশটি; যেখানে নৌবাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ম্যাথিউ বাকলি নতুন শাখা প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

খুঁজুন