শেরপুরের নকলা পৌর এলাকায় পাচারের অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না মাদক কারবারিদের। একটি পিকআপ ভ্যানে ভুসির বস্তার ভেতরে লুকিয়ে নেওয়া হচ্ছিল ১০৮ বোতল বিদেশি মদ।
সোমবার (১১ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই চালানটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মদের এই বড় চালানটি পিকআপে করে ঢাকায় পাঠানো হচ্ছিল। খবর পেয়ে নকলা থানা পুলিশের একটি চৌকস দল নকলা পৌরসভার গড়েগাও মোড়ে অবস্থান নেয়। সন্দেহভাজন পিকআপটি সেখানে পৌঁছালে পুলিশ সেটির গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশিকালে ভুসির বস্তার ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল বিদেশি মদ বেরিয়ে আসে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীবরদী উপজেলার করুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. রুহুল আমিন (৩৭), ঝিনাইগাতী উপজেলার আবেদ আলীর ছেলে মো. নুর মোহাম্মদ (২৮) এবং শ্রীবরদী উপজেলার শফিকুল ইসলাম (১৯)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচারের গোপন তথ্যে অভিযানটি সফল হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী শেরপুর জেলার পুলিশ সার্কেল নাসরিন জাহান বলেন, জেলায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।