বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

নেত্রকোনায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

শনিবার সকালে পূর্বধলার বড় ইলাশপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও সিএনজি জব্দ করা হলেও চালকরা পলাতক রয়েছেন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০)। তবে অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আইনুল হক নিহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত অন্যান্য যাত্রীদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই উভয় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন