বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

মোদিকে দিল্লির যমুনায় ডুব দিতে বললেন মমতা

‘বাংলার গঙ্গা পরিষ্কার বলেই নৌকাভ্রমণ সম্ভব হয়েছে’; গঙ্গা বিহার নিয়ে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন কটাক্ষ তৃণমূল নেত্রীর।

পশ্চিমবঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গঙ্গা বক্ষে নৌকাভ্রমণকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তর্কাযুদ্ধ। শুক্রবার সকালে গঙ্গাবিহারের ছবি প্রধানমন্ত্রী নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরপরই তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাওড়ার এক জনসভা থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, বাংলার গঙ্গা নির্মল বলেই তিনি সেখানে ভ্রমণ করতে পারছেন, হিম্মত থাকলে দিল্লির দূষিত যমুনায় একবার ডুব দিয়ে আসুক।

​ভারতীয় গণমাধ্যম 'সংবাদ প্রতিদিন'-এর প্রতিবেদন অনুযায়ী, গঙ্গা ও যমুনার তুলনা টেনে মমতা ব্যানার্জি বলেন, “বাংলার গঙ্গা আজ স্বচ্ছ, তাই এখানে নৌকায় চড়ে হাওয়া খাওয়া যাচ্ছে। কিন্তু দিল্লির যমুনা এতটাই বিষাক্ত যে সেখানে নামার জো নেই। যে প্রধানমন্ত্রী নিজের নাকের ডগায় থাকা যমুনা নদী পরিষ্কার করতে পারেন না, তিনি বাংলায় এসে গঙ্গাবিহারের মহিমা দেখাচ্ছেন।”

​দীর্ঘদিন ধরেই দিল্লির যমুনা নদীর দূষণ ভারতের রাজনীতিতে একটি অমীমাংসিত ইস্যু। বিশেষ করে শীত মৌসুমে যমুনার পানিতে কেমিক্যাল ফেনা জমে থাকা দৃশ্য বিশ্বজুড়ে সমালোচিত হয়। সেই দূষণকেই এবার মোদির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে বেছে নিলেন তৃণমূল নেত্রী।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে মোদির এই গঙ্গাসফর এবং বারাণসী-কলকাতা করিডর প্রকল্পের ঘোষণা ভোটারদের মন জয়ের কৌশল। তবে মমতা ব্যানার্জি এই ইস্যুটিকে সুকৌশলে দিল্লির প্রশাসনিক ব্যর্থতার দিকে ঘুরিয়ে দিয়েছেন। মোদির গঙ্গাবিহার যখন উন্নয়নের বার্তা দিচ্ছে, তখন মমতা যমুনার উদাহরণ টেনে সেই বার্তাকে ফিকে করে দেওয়ার চেষ্টা করলেন।

খুঁজুন