বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

লাইফ সাপোর্টে কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি

ভিসা জটিলতা কাটাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাবা কায়সার হামিদ, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন

জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারের শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। গত শুক্রবার (৮ মে) রাত থেকে রাজধানীর একটি হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। আজ রবিবার পর্যন্ত তার স্বাস্থ্যের কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

​কারিনা কায়সারের বাবা এবং জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ জানিয়েছেন, মেয়েকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া চলছে। ভিসা সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের লক্ষ্যে আজ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনার শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে চিকিৎসকরা জীবন রক্ষাকারী বিভিন্ন সহায়তার মাধ্যমে তার অবস্থা নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। মাঝেমধ্যে তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, যার ফলে চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

​জানা গেছে, কারিনা আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অসুস্থতা তীব্রতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। শুক্রবার পরিস্থিতির চরম অবনতি ঘটলে তাকে দ্রুত লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়। বর্তমানে তার দ্রুত আরোগ্যের জন্য পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।

খুঁজুন