দক্ষিণী সিনেমার দুই মহাতারকা থালাপতি বিজয় এবং তৃষা কৃষ্ণানের পর্দার রসায়ন ছাপিয়ে তাদের ব্যক্তিগত রসায়ন নিয়ে চর্চা বহুদিনের। তবে বিজয়ের জীবনের এক বিশেষ মুহূর্তে তৃষার সরব উপস্থিতি সেই চর্চাকে এবার ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেল।
সম্প্রতি বিজয়ের রাজনৈতিক শপথগ্রহণ অনুষ্ঠানে সশরীরে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তৃষা। শুধু উপস্থিতিই নয়, অনুষ্ঠানের পর সামাজিক মাধ্যমে তার পোস্ট করা একটি রহস্যময় বার্তা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষা একা নন, সঙ্গে নিয়ে এসেছিলেন মা উমা কৃষ্ণানকেও। দর্শকাসনে বসে যখন বিজয়কে শপথ নিতে দেখেন, তখন তৃষাকে বেশ আবেগপ্রবণ হতে দেখা যায়। সেই বিশেষ মুহূর্তের কিছু স্থিরচিত্র নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালোবাসা সবসময়ই জোরালো।’ এই একটি বাক্যই ভক্তদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, বিজয়ের রাজনৈতিক জীবনের এই নতুন সূচনালগ্নে নিজের সম্পর্কের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন অভিনেত্রী।
এদিন তৃষার রাজকীয় উপস্থিতি ছিল নজরকাড়া। সি-ফোম সবুজ রঙের শাড়ি, সোনালি নকশার ব্লাউজ আর চুলে সাদা গাজরায় তিনি যেন ঐতিহ্যের প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল বসার আসন। বিজয় পরিবারের সদস্যদের সঙ্গেই বসেছিলেন তৃষা ও তার মা। বিজয়ের সাফল্যের মুহূর্তে অভিনেত্রীর মায়ের চোখেও আনন্দের অশ্রু দেখা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃষার এই সক্রিয়তা কেবল ব্যক্তিগত সম্পর্কের মাঝে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ধারণা করা হচ্ছে, বিজয়ের রাজনৈতিক যাত্রায় ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।
উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের দিনও মন্দিরে পূজা দিয়ে বিজয়ের বাড়িতে তৃষার প্রবেশ ভক্তদের নজরে এসেছিল। সব মিলিয়ে বিজয়-তৃষা জুটি এখন দক্ষিণী বিনোদন ও রাজনীতির ময়দানে সবচেয়ে আলোচিত বিষয়।