টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী রুক্মিণী মৈত্র সোশ্যাল মিডিয়ায় বেশ প্রভাবশালী। নিজের নিত্যনতুন কাজের আপডেট হোক বা ব্যক্তিগত জীবনের খুটিনাটি—সবই তিনি অনুরাগীদের সাথে শেয়ার করতে ভালোবাসেন। তবে সাম্প্রতিক সময়ে তার ইন্সটাগ্রাম প্রোফাইলে এক অদ্ভুত পরিবর্তন নজরে আসতেই শোরগোল শুরু হয়েছে ভক্ত মহলে। কোনো ঘোষণা ছাড়াই নিজের নামের বানানে বড়সড় রদবদল করেছেন দেব-ঘরণী।
এতদিন অভিনেত্রীর নামের পাশে পদবী হিসেবে লেখা হতো ‘Maitra’ (মৈত্র)। তবে হঠাৎ করেই দেখা যাচ্ছে, নিজের নামের বানান থেকে শেষ অক্ষর 'a' সরিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে তার প্রোফাইলে পদবী জ্বলজ্বল করছে ‘Maitr’ হিসেবে। টলিউডের এই প্রথম সারির নায়িকা কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তিনি। তবে এই পরিবর্তন কি স্রেফ শখের বশে নাকি সংখ্যাতত্ত্বের (Numerology) কোনো বিশেষ পরামর্শে, তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
তারকাদের দুনিয়ায় নাম বদলের ইতিহাস বেশ দীর্ঘ। অতীতে উত্তম কুমার থেকে শুরু করে আজকের দেব বা কোয়েল মল্লিক—অনেকেই পেশাগত কারণে বা পরিচিতির খাতিরে নাম পরিবর্তন করেছেন।
বর্তমানে রুক্মিণীকে প্রায়শই মুম্বাইয়ের বিভিন্ন ব্র্যান্ডের কাজ ও শুটিংয়ের প্রয়োজনে যাতায়াত করতে দেখা যাচ্ছে। তাই অনেকে মনে করছেন, বলিউডের বড় কোনো প্রজেক্ট বা সর্বভারতীয় স্তরে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতেই কি এই নাম বদল? কারণ যাই হোক না কেন, প্রিয় অভিনেত্রীর এই 'নতুন নাম' এখন নেটপাড়ার হট টপিক।