বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ঝিনাইদহে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ‘ছিনতাই’ নাটক, পুলিশের হাতে ৩ জন গ্রেপ্তার

মহেশপুরে ৬ লাখ টাকা লুটের ঘটনার নেপথ্যে আপন ভাতিজা; সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল হোতাসহ টাকা উদ্ধার।

ঝিনাইদহের মহেশপুরে এনজিও থেকে তোলা ৬ লাখ টাকা আত্মসাৎ করতে নিজের ফুফুর ওপর ছিনতাইয়ের নাটক সাজিয়ে শেষ রক্ষা হলো না এক যুবকের। সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ এই চক্রান্ত ফাঁস করে লুণ্ঠিত টাকা উদ্ধারসহ মূল পরিকল্পনাকারী আপন ভাতিজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গত সোমবার (১১ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—জলিলপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), আমিনুর রহমান খান (২৪) ও মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। এর মধ্যে লিটন শেখ ভুক্তভোগী সেলিনা বেগমের আপন ভাতিজা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সেলিনা বেগম চুয়াডাঙ্গার জীবননগর থেকে এনজিওর ৬ লাখ টাকা নিয়ে ভাতিজা লিটনের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে টাকাভর্তি ব্যাগটি কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি মোটরসাইকেল শনাক্ত করে। সেই সূত্র ধরে প্রথমে আমিনুর রহমানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, লিটন শেখ ও শাওন বদ্দি মিলে এই চুরির ছক এঁকেছিলেন।

পুলিশ অভিযান চালিয়ে লিটন ও বরকতকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া পুরো ৬ লাখ টাকাই উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খুঁজুন