বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সংস্কার কমিশন ও বিভিন্ন চুক্তি নিয়ে অনুসন্ধান চেয়ে সিনিয়র আইনজীবী মুহসিন রশিদের আবেদন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের সামগ্রিক কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জনস্বার্থে রবিবার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন। রিট আবেদনে বর্তমান সরকারের আমলে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, নতুন আইন প্রণয়ন, গঠিত সংস্কার কমিশন এবং দেশি-বিদেশি বিভিন্ন চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

আবেদনকারী আইনজীবী এসব বিষয়ে একটি উচ্চতর কমিশন গঠন করে বিস্তারিত অনুসন্ধানের আর্জি জানিয়েছেন। একইসঙ্গে, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো প্রকার দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে রিটে। এই মামলায় মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, এর আগে এই সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একই আইনজীবী একটি রিট করেছিলেন, যা হাইকোর্ট ও পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেন। ২০২৪ সালের ৪ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে সরকারের গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছিলেন। তা সত্ত্বেও আবারও প্রধান উপদেষ্টার প্রশাসনিক কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে নতুন এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

খুঁজুন