গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের নির্মম ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বিনয় কৃষ্ণ কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় পারকরফা জালালিয়া মাদরাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফ্ফার জানান, সকালে বিনয় কৃষ্ণ নিজের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিলছড়া বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী ‘দোলা পরিবহন’ নামের একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করাসহ চালককে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।