সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের অকালপ্রয়াত কিংবদন্তি নায়ক মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। দুই ভিন্ন জগতের দুই মেগাস্টারকে এমনভাবে এক ফ্রেমে দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা।
দাবি করা হচ্ছে, প্রায় দুই দশক আগে কোনো এক শুভক্ষণে তোলা হয়েছিল এই ছবি। তবে প্রযুক্তির এই যুগে ছবিটি কি আসলেই বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর তৈরি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
অনেকেই মনে করছেন, ২০০৩-০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’ বা ‘বীর সৈনিক’-এর মতো সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজে চেন্নাইয়ের প্রসাদ ল্যাব কিংবা এভিএম স্টুডিওতে যেতেন, তখন বিজয়ের সাথে তার সাক্ষাৎ হওয়া মোটেও অসম্ভব নয়।
বিষয়টি নিয়ে মান্নার স্ত্রী শেলী মান্নার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মান্না প্রায়ই কাজের সূত্রে ভারতে যেতেন, তবে এই নির্দিষ্ট সাক্ষাতের বিষয়টি তার স্পষ্ট মনে নেই। এদিকে ভক্তদের মাঝে বইছে আবেগের জোয়ার। দুই দেশের দুই ‘গণমানুষের নায়ক’কে একসাথে দেখে নেটিজেনরা স্মৃতিচারণ করছেন মান্নার স্বর্ণালি দিনের। সত্যতা যাই হোক, মান্না ও বিজয়ের এই ‘ভাইরাল ফ্রেম’ বর্তমান চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক অনন্য আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে।