টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ কি তবে এবার সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখছেন? পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল এবং সরকার বদলের পর এই প্রশ্নই এখন টলিপাড়ার আনাচে-কানাচে ঘুরপাক খাচ্ছে।
বিশেষ করে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে জিতের উপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। সাদা পাঞ্জাবি ও রোদচশমায় ভিআইপি নিরাপত্তা বলয়ে অনুষ্ঠানস্থলে জিতের প্রবেশ নজর কেড়েছে সবার। এর আগে নির্বাচনের ফল প্রকাশের দিনও বিনোদন জগতের তারকাদের মধ্যে তিনিই প্রথম গেরুয়া শিবিরকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।
সবসময় নিজেকে প্রচারের আড়ালে রাখা এবং শিল্পী মহলের অভ্যন্তরীণ কোন্দল থেকে দূরে থাকা এই অভিনেতা কেন হঠাৎ রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠলেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এর আগে দেব বা অন্য তারকাদের মতো তাঁকে কখনো কোনো মিছিলে দেখা না গেলেও, বাংলার এই 'ঐতিহাসিক মুহূর্ত' নিয়ে তাঁর ইতিবাচক মন্তব্য নতুন ইঙ্গিত দিচ্ছে। তবে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়া বা ভোটে দাঁড়ানো প্রসঙ্গে এখনো মুখ খোলেননি 'বস' খ্যাত এই অভিনেতা। নেটিজেনদের একাংশ মনে করছেন, টালিউডের দীর্ঘদিনের চেনা স্রোতের বিপরীতে গিয়ে জিৎ হয়তো বড় কোনো চমক দেওয়ার অপেক্ষাতেই রয়েছেন।