বিশ্ব হাসি দিবসকে আরও আনন্দময় করে তুলতে নেটফ্লিক্স নিয়ে আসছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি বিশেষ পর্ব। কমেডি কিং কপিল শর্মার এই শোতে এবার দেখা যাবে বিনোদনের ভিন্ন স্বাদ। এবারের পর্বে অতিথি হিসেবে মঞ্চ মাতাবেন বর্তমান সময়ের আলোচিত দুই কনটেন্ট ক্রিয়েটর রণবীর আল্লাহবাদিয়া ও সময় রায়না। সম্প্রতি প্রকাশিত প্রমোতে দেখা যায়, সময় রায়না দর্শকদের স্বাগত জানালেও রণবীরের উপস্থিতি দেখে মজার ছলে চমকে ওঠেন।
কপিল শর্মা জানান, দর্শকদের অফুরন্ত ভালোবাসাই তাদের নতুন কিছু করার শক্তি যোগায়। বিশ্ব হাসি দিবসের এই আয়োজনে দর্শকদের জন্য থাকবে হাসির পাহাড়। বিশেষ এই পর্বে সুনীল গ্রোভারকে দেখা যাবে এক মজার ‘নিউজ ডিবেট’ বা সংবাদ বিতর্কের সঞ্চালক হিসেবে।
এছাড়াও ‘মোনা’ ও ‘সোনা’ চরিত্রে কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদার চিরচেনা হাস্যরসাত্মক রসায়ন দর্শকদের বিনোদনের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দেবে। সব মিলিয়ে হাসি দিবসের এই রাতটি স্মরণীয় করতে ভিন্নধর্মী এক আয়োজন সাজিয়েছে টিম কপিল।