বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত ‘রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’ বা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক জনস্বার্থে এই রিটটি করেন এবং আদালতে তা উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রিটে এই চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে বৈষম্যমূলক এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হিসেবে অভিহিত করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, এই চুক্তির ফলে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া চুক্তিটি সম্পাদনের ক্ষেত্রে সংবিধানে নির্ধারিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও রিটে দাবি করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া অসম শুল্ককাঠামো, দেশীয় নীতিনির্ধারণী স্বাধীনতা খর্ব হওয়া এবং স্থানীয় শিল্প, কৃষি ও পরিবেশের সম্ভাব্য বিপর্যয়ের বিষয়টি আদালতে জোরালোভাবে তুলে ধরা হয়। এই মামলায় পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।