বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ
শাপলা চত্বর থেকে জুলাই অভ্যুত্থান

সব অপরাধের বিচার হবে: তথ্যমন্ত্রী

ফ্যাসিবাদী শাসনে নির্যাতিতদের পাশে সরকার; মানবতাবিরোধী অপরাধ তামাদি হতে দেওয়া হবে না

বাংলাদেশে সংঘটিত কোনো ধরনের গণহত্যা কিংবা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া থমকে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি স্পষ্ট করে বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নারকীয় হত্যাযজ্ঞ থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ড—সব অপরাধেরই ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (৮ মে) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা চত্বরের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী অভিযোগ করেন, শাপলা চত্বরের হৃদয়বিদারক ঘটনার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে বিএনপির ওপর দোষ চাপিয়েছিল। রাষ্ট্রযন্ত্র ও অনুগত গণমাধ্যম ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালিয়ে বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে ভিত্তিহীন মামলায় জড়ানো হয়।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের গণতন্ত্রকামী এমন কোনো অংশ নেই যারা রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়নি। জনগণের দীর্ঘ পুঞ্জীভূত ক্ষোভই মূলত ২০২৪ সালের ৫ আগস্টের সফল গণ-অভ্যুত্থানের পথ প্রশস্ত করেছে।

অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের দূরদর্শিতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী নির্দেশনার প্রশংসা করেন। তিনি জানান, জাতীয় সংসদ ইতিমধ্যে শাপলা চত্বরের শহীদদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়ে জুলাই অভ্যুত্থানসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার শুরুর পদক্ষেপ নিয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ দেশ গড়াই শহীদদের প্রতি শ্রেষ্ঠ সম্মান হবে বলে তিনি মন্তব্য করেন।

সভায় মাওলানা মামুনুল হক ও মিয়া গোলাম পরওয়ারসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য প্রদান করেন।

খুঁজুন