লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। এই বর্বরোচিত হামলার ঘটনায় আজ মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থল লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই ওই দুই বাংলাদেশি নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বর্তমানে তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং আইনি কাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং সাধারণ বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার পুনরায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার এবং সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে বিশ্ব সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।