বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন

উচ্চশিক্ষার উন্নয়ন ও রূপান্তর বিষয়ে ইউজিসির জাতীয় কর্মশালা উদ্বোধন করবেন তিনি

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার টেকসই আধুনিকায়ন ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১২ মে) রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এই বিশেষ কর্মশালাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এটিই হবে তারেক রহমানের প্রথম কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

উদ্বোধনী পর্ব শেষে উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে পাঁচটি টেকনিক্যাল সেশন বা কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে মূলত গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা বৃদ্ধি, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, শিক্ষকদের মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

ইউজিসি কর্মকর্তারা জানিয়েছেন, এই কর্মশালা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি কার্যকর ও বাস্তবায়নযোগ্য জাতীয় নীতিমালা বা পথনকশা তৈরি করা হবে।

খুঁজুন