বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়েছিলেন জিদান, নেপথ্যে বড় কারণ

তৃতীয় দফায় লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নিতে ডাক পেলেও কেন না বললেন জিজু?

সান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিদান এক জীবন্ত কিংবদন্তির নাম। দুই মেয়াদে রিয়াল মাদ্রিদকে অভাবনীয় সাফল্য এনে দেওয়া এই ফরাসি কোচ আবারও দলটির ডাগআউটে ফিরতে পারতেন।

স্প্যানিশ গণমাধ্যম এএসের দাবি অনুযায়ী, গত ডিসেম্বরে যখন শাবি আলোনসোর কোচিং নিয়ে প্রশ্ন ওঠে, তখন ক্লাব কর্তৃপক্ষ জিদানকে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল। এমনকি খোদ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও তার সাথে কয়েক দফা যোগাযোগ করেন। তবে ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন।

জিদানের রিয়ালে না ফেরার প্রধান কারণ হিসেবে সামনে এসেছে ফ্রান্স জাতীয় দলের কোচের পদ। জানা গেছে, তিনি ২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে এমবাপ্পে-গ্রিজম্যানদের দায়িত্ব নিতে আগ্রহী। ২০২১ সালে রিয়াল ছাড়ার পর জিদান আর কোনো ক্লাবের কোচিং করাননি। যদিও বিদায়টা শুরুতে তিক্ত ছিল, তবে ২০২২ সালে ব্যালন ডি’অর অনুষ্ঠানে পেরেজের সাথে তার সম্পর্কের বরফ গলে।

বর্তমানে জিদানকে নিয়মিত রিয়ালের গ্যালারিতে দেখা গেলেও আপাতত ডাগআউটে ফেরার কোনো পরিকল্পনা নেই তার। রিয়ালের হয়ে ১১টি ট্রফি ও টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই মাস্টারমাইন্ড এখন কেবলই ফ্রান্সের নীল জার্সির স্বপ্নে বিভোর।

খুঁজুন