বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

রিয়াল মাদ্রিদে ফিরতে মরিনহোর ১০ কঠিন শর্ত

আরবেলোয়া পরবর্তী যুগে সান্তিয়াগো বার্নাব্যুর ড্রেসিংরুমে একচ্ছত্র আধিপত্য চান ‘দ্য স্পেশাল ওয়ান’।

ইউরোপীয় ফুটবলের দলবদল নিয়ে সবচাইতে বড় গুঞ্জন এখন জোসে মরিনহো ও রিয়াল মাদ্রিদকে ঘিরে। বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে লস ব্লাঙ্কোসদের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও দ্বারস্থ হয়েছেন পুরনো বন্ধু মরিনহোর।

তবে বেনফিকার ডাগআউটে থাকা এই পর্তুগিজ মাস্টারমাইন্ড রিয়ালে দ্বিতীয় অধ্যায় শুরু করতে দিয়েছেন একগুচ্ছ পাহাড়সম শর্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম ও স্পোর্টস বাইবেলের তথ্যমতে, মরিনহো এবার শুধু ডাগআউট সামলানো নয়, বরং পুরো ক্লাবের খোলনলচে বদলে দিতে চান।

মরিনহোর শর্তগুলোর মধ্যে প্রধান হলো অন্তত দুই বছরের স্থায়ী চুক্তি এবং ড্রেসিংরুমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। তিনি স্পষ্ট জানিয়েছেন, দল নির্বাচনে কোনো খেলোয়াড় বা ম্যানেজমেন্টের হস্তক্ষেপ বরদাশত করবেন না। এমনকি ক্লাবের বর্তমান ফিটনেস কোচ আন্তোনিও পিন্তুসকে সরিয়ে নিজের পছন্দের মেডিকেল ও টেকনিক্যাল টিম আনার দাবি তুলেছেন তিনি।

বর্তমান স্কোয়াডের সাত ফুটবলারকে ছেঁটে ফেলা এবং সভাপতি পেরেজ ছাড়া অন্য কোনো কর্মকর্তার কাছে জবাবদিহি না করার মতো কঠোর শর্তও দিয়েছেন তিনি। বাণিজ্যিক কারণে দীর্ঘ প্রাক-মৌসুম সফরের বদলে খেলোয়াড়দের বিশ্রামের দিকেই বেশি নজর দিতে চান এই কোচ। এখন দেখার বিষয়, পেরেজ তার এই 'দশ দফা' মেনে নিয়ে আবারও মরিনহো যুগে ফিরবেন কি না।

খুঁজুন