বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

জুনের মধ্যেই ব্যারাকে ফিরছেন সেনা সদস্যরা

আগামী ৬ জুন থেকে মাঠ পর্যায় থেকে ধাপে ধাপে সেনা সদস্যদের প্রত্যাহার প্রক্রিয়া শুরু হবে।

আগামী জুন মাসের মধ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সব সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

​সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার প্রক্রিয়া শুরু হবে। শুরুতে তুলনামূলক দূরবর্তী জেলাগুলো থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে আনা হবে। এরপর ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলাগুলো থেকে তাঁদের প্রত্যাহার করা হবে। পুরো জুন মাস জুড়ে এই কার্যক্রম চলবে।

​২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারির মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার মাঠপর্যায়ে সেনাবাহিনী নামিয়েছিল। পরবর্তীতে ৫ আগস্ট প্রবল গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং পুলিশ বাহিনী ভেঙে পড়ে। সেই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে থেকে যায়। পরে অন্তর্বর্তী সরকার ওই বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও প্রদান করেছিল।

​মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আর বহাল রাখা হয়নি। বর্তমানে মাঠপর্যায়ে তাঁদের উপস্থিতি একটি স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া সেনাবাহিনী বর্তমানে সরাসরি গ্রেপ্তারসহ কোনো আইনগত পদক্ষেপ নিজেরা গ্রহণ করছে না বলেও তিনি উল্লেখ করেন।

খুঁজুন