বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ
পুরোদমে চালু হচ্ছে ভারতীয় ভিসা

ঢাকা-দিল্লি সম্পর্কে বইছে সুবাতাস

কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক; দ্রুত ভিসা সেবা শুরু করছে ভারত।

দীর্ঘ দেড় বছরের কূটনৈতিক শীতলতা কাটিয়ে অবশেষে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু শুরু করেছে। অন্যদিকে, ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের ভিসা কার্যক্রম পুরোপুরি সচল করবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দিল্লি সফরকালে ভিসা সমস্যার বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার শীর্ষে ছিল। বর্তমানে ভারতজুড়ে বাংলাদেশের সবকটি ভিসাকেন্দ্র চালু থাকলেও ঢাকা এখন নয়াদিল্লির পক্ষ থেকে একই ধরনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত ফেব্রুয়ারিতেই বাংলাদেশ তাদের কেন্দ্রগুলোতে কার্যক্রম সচল করেছে। সংশ্লিষ্ট কূটনীতিকদের মতে, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরপরই ভারতীয় ভিসা কেন্দ্রগুলো (IVAC) পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তীতে ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। এর জেরে নিরাপত্তাজনিত কারণে ভারতের ভিসা কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তারেক রহমানের মধ্যকার ফোনালাপ এবং শুভেচ্ছা বিনিময় দ্বিপক্ষীয় আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে বড় ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় এবার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ।

খুঁজুন