বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

বার্নাব্যুর ডাগআউটে আবার কি ‘স্পেশাল ওয়ান’? মরিনিয়োকে নিয়ে জল্পনা

আরবেলোয়ার ব্যর্থতায় বিকল্প খুঁজছে রিয়াল মাদ্রিদ; দৌড়ে আছেন পোচেত্তিনো, দেশম ও আলেগ্রিও।

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে আবারও পরিবর্তনের হাওয়া বইছে। চলতি মৌসুমে বার্সেলোনার চেয়ে অনেকটা পিছিয়ে থাকা এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলো থেকে ছিটকে যাওয়ায় কোচ আলভারো আরবেলোয়ার চেয়ার এখন টালমাটাল। জাবি আলোনসোর উত্তরসূরি হিসেবে যোগ দিলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। বিশেষ করে দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে হার আরবেলোয়ার কৌশলগত দুর্বলতাকে প্রকট করে তুলেছে। বার্নাব্যুর ইতিহাসে সাফল্যই শেষ কথা, আর সেই সাফল্যের সন্ধানে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এখন নতুন কারিগর খুঁজছেন।


গুঞ্জন উঠেছে, প্রিয় পুরোনো কোচ জোসে মরিনিয়োকে আবারও মাদ্রিদে ফিরিয়ে আনতে পারেন পেরেজ। বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা মরিনিয়ো ড্রেসিংরুমের বড় বড় ইগো সামলাতে দক্ষ, যা পেরেজের কোচ নির্বাচনের প্রধান শর্ত। যদিও ফুটবল বিশ্লেষক গিয়েম বালাগ বলছেন সম্ভাবনা ক্ষীণ, তবে ক্লাবের ভেতরের সূত্রমতে এটি একটি শক্তিশালী 'ওয়াইল্ডকার্ড' অপশন হতে পারে। মরিনিয়ো ছাড়াও রিয়ালের তালিকায় গুরুত্বের সঙ্গে আছে মাউরিসিও পোচেত্তিনোর নাম। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্ব থাকলেও রিয়ালের ডাক উপেক্ষা করা তার জন্য কঠিন হতে পারে।


তালিকায় আরও আছেন ফ্রান্সের দিদিয়ের দেশম এবং এসি মিলানের মাসিমিলিয়ানো আলেগ্রি। দেশম তার শান্ত স্বভাব ও তারকা সামলানোর ক্ষমতার জন্য পেরেজের পছন্দের তালিকায় বেশ ওপরের দিকেই আছেন। অন্যদিকে, আলেগ্রিকে দেখা হচ্ছে আনচেলত্তির সুযোগ্য উত্তরসূরি হিসেবে। বড় নাম হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়ে ফুটবল বিশ্বে উত্তেজনা থাকলেও রিয়ালের ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে তার দর্শনের মিল পাওয়া নিয়ে সংশয় রয়েছে। শেষ পর্যন্ত হোয়াইট হাউসের রাজদণ্ড কার হাতে ওঠে, তা দেখতে এখন গোটা ফুটবল বিশ্বের চোখ মাদ্রিদের দিকে।

খুঁজুন