বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

৬ বলে ৬ উইকেট! ক্লাব ক্রিকেটে অবিশ্বাস্য ইতিহাস গড়লেন ইংলিশ পেসার

ডাবল হ্যাটট্রিকের কীর্তিতে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন মাইলস ডেভিস; ধসে পড়ল প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ।

২২ গজের ক্রিকেটে রূপকথাকেও হার মানালেন ইংলিশ পেসার মাইলস ডেভিস। সাউথ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের এক ম্যাচে পেনক্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময় অবিশ্বাস্য এক কীর্তি গড়েন তিনি।

গত ২৫ এপ্রিল পেলসাল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে টানা ছয় বলে ছয় ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ক্রিকেটের বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন এই পেসার। ক্রিকেট বিশ্বে যেখানে হ্যাটট্রিক করতেই বোলারদের ঘাম ছুটে যায়, সেখানে ডেভিস করলেন 'ডাবল হ্যাটট্রিক'।

ম্যাচে ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পেলসাল এক পর্যায়ে ২ উইকেটে ৪৯ রান তুলে লড়াইয়ের আভাস দিচ্ছিল। কিন্তু নবম ওভারে দৃশ্যপটে আসেন ডেভিস। ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে শুরু করেন তার তাণ্ডব। এরপর নিজের পরের ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। তবে সেখানেই থামেননি তিনি; পরবর্তী তিন বলেও টানা তিন ব্যাটারকে আউট করে ডাবল হ্যাটট্রিকের বিরল মাইলফলক স্পর্শ করেন। তার এই বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায় পেলসাল।


পেশায় ইলেকট্রিশিয়ান এই ক্রিকেটারের বোলিং ফিগার ছিল চোখ ধাঁধানো—৬ ওভারে মাত্র ১৬ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। ইতিহাস গড়া এই পারফরম্যান্সের পর ডেভিস জানান, সবকিছুই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক পুরুষ ক্রিকেটে এমন ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে। অদ্ভুত ব্যাপার হলো, কাজের চাপের কারণে ম্যাচটি প্রায় মিস করতে বসেছিলেন তিনি, কিন্তু সহকর্মীর বদান্যতায় মাঠে নেমেই লিখে ফেললেন নতুন এক ইতিহাস।

খুঁজুন