ঢাকার নবাবগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত মঙ্গল (৬০) ও তার স্ত্রী লিপি বেগমকে (৪৫) গ্রেপ্তার করে র্যাব-১০। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার হওয়া এই দম্পতি নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী-শান্তিনগর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্র ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ওই শিশুকে কৌশলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মঙ্গল। এই জঘন্য কাজে তাকে সহায়তা করেন তার স্ত্রী লিপি বেগম। ঘটনার পর ভুক্তভোগী শিশুটি বিস্তারিত পরিবারকে জানালে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব। তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে বংশাল থেকে তাদের কবজায় নেওয়া হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।