শুক্রবার, ১৫ মে ২০২৬
ছবি
শুক্রবার, ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

বাউফলে যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকি পুলিশ সদস্যের

মুজিব কেল্লা প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহ করায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ইমনকে হাত-পা ভেঙে দেওয়া ও প্রাণে মারার হুমকি দিয়েছেন কনস্টেবল সালাউদ্দিন।

পটুয়াখালীর বাউফলে যমুনা টেলিভিশনের প্রতিনিধি রইসুল ইসলাম ইমনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত সালাউদ্দিন হাওলাদার বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত। চাঞ্চল্যকর এই হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। 

এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যা বৃহস্পতিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব এলাকায় ‘মুজিব কেল্লা’ নামক একটি আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহকে কেন্দ্র করে। ওই প্রকল্পের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত অভিযুক্ত পুলিশ সদস্যের চাচা ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রিপন হাওলাদার। চাচার কাজের অনিয়ম নিয়ে সাংবাদিক ইমন খোঁজখবর নেওয়ায় ক্ষিপ্ত হন সালাউদ্দিন। কল রেকর্ডে শোনা যায়, পরিচয় গোপন রেখে ১০ থেকে ১৩ মে পর্যন্ত একাধিকবার ফোন করে ইমনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ হাত-পা ভেঙে দেওয়া এবং হত্যার হুমকি দেন তিনি। 

অভিযুক্ত সালাউদ্দিন বাউফলের ধুলিয়া ইউনিয়নের রাবাই গ্রামের বাসিন্দা এবং কর্মক্ষেত্রে পুলিশ সদস্য হলেও এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় বলে জানা গেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পটুয়াখালী ও বাউফলের সাংবাদিক নেতারা। 

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুঁজুন