বুধবার, ১৩ মে ২০২৬
ছবি
বুধবার, ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩
কালের দিশা - Kaler Disha | Latest Bangla News | সর্বশেষ সংবাদ
সর্বশেষ

চবির শাটল ট্রেনে ছাত্রলীগের পোস্টার; কারাবন্দিদের মুক্তির দাবি

বটতলী স্টেশনে গভীর রাতে সাঁটানো হয় পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনে পোস্টার সাঁটিয়ে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ।

জানা গেছে, রোববার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বটতলী রেলওয়ে স্টেশনে অবস্থানরত শাটল ট্রেনের বগিগুলোতে এসব পোস্টার লাগানো হয়। সোমবার সকালে সেই পোস্টার সংবলিত ট্রেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ট্রেনের বগিতে সাঁটানো ওই সব পোস্টারে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির মুক্তি চাই’। পোস্টারগুলোর নিচে সৌজন্যে চবি শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আবরার শাহরিয়ারের নাম দেখা গেছে। এই বিষয়ে আবরার শাহরিয়ার জানান, তারা মূলত ‘অবৈধভাবে’ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ও সনদ বাতিল হওয়া শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করেছেন। তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনের পাশে রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে পুলিশ বিষয়টি নিয়ে অবগত ছিল না বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন জানান, শাটল ট্রেন যখন নগরীর স্টেশনে অবস্থান করছিল, সম্ভবত তখনই এই পোস্টারগুলো সাঁটানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি।

অন্যদিকে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ তারা পাননি। তবে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

খুঁজুন